সোমবার ২৬ জানুয়ারী ২০২৬ - ০৮:৩১
সর্বোচ্চ নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ইরানের সুন্নি আলেম সমাজের দৃঢ় আনুগত্যের ঘোষণা

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগন প্রদেশের প্রায় ২৪০ জন সুন্নি আলেম এক যৌথ বিবৃতিতে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ও ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থার প্রতি তাদের অকুণ্ঠ, সচেতন ও দৃঢ় সমর্থন ঘোষণা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার জারিকৃত বিবৃতিতে হরমোজগন প্রদেশের সুন্নি আলেমগণ জোর দিয়ে উল্লেখ করেন যে, ইসলামী উম্মাহর অভ্যন্তরীণ ঐক্য ও ধর্মীয় নেতৃত্বের প্রতি অটল অবিচলতা ইরানি জাতির সম্মান ও অগ্রযাত্রার জন্য মৌলিক শর্ত। বিবৃতিতে শহীদদের আত্মত্যাগকে “ইসলামী বিপ্লবের ধারাবাহিকতার জন্য চিরভাস্বর মশাল” হিসেবে আখ্যায়িত করা হয়।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, “স্পষ্টতই, ইসলাম ও ইরানের শত্রুরা ‘হাইব্রিড ওয়ারফেয়ার' কৌশল ও গণমাধ্যম অপপ্রচারের মাধ্যমে জাতীয় সংহতি ভেদ করতে চায়। কিন্তু পূর্বের মতোই সচেতন ও এক কাতারে আবদ্ধ ইরানি জাতি এসব চক্রান্তকে ধূলিসাৎ করবে।”

সুন্নি আলেম সমাজ ‘বেলায়েতে ফকিহ'র প্রতি তাদের পূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের গত চার দশকের অর্জনসমূহ রক্ষা করা এবং সমাজের সর্বস্তরে জাতীয় একতা ও সংহতি আরও সুদৃঢ় করার তাগিদ দেন।

উল্লেখ্য যে, এই বিবৃতি সম্প্রতি বিদেশী পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও প্রশিক্ষিত ভাড়াটে সশস্ত্র লোকজন শান্তিপূর্ণ বিক্ষোভের আড়ালে শত্রুদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টার প্রেক্ষাপটে দেয়া হয়েছে। তাদের দ্বারা সংঘটিত অগ্নিসংযোগ, সরকারী ও পাবলিক সম্পত্তি ধ্বংস এবং সাম্প্রদায়িক ও জাতিগত বিভাজন সৃষ্টির উদ্যোগ জাতির ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে।

এ প্রসঙ্গে, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিয়া-সুন্নিসহ সকল ধর্মীয় সম্প্রদায় এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ব্যাপক সরকার-সমর্থক শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তাদের অকাট্য সমর্থন জানিয়েছে এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির সকল অপচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করেছে।

হরমোজগনের আলেমদের এই অভূতপূর্ব ঐক্যবদ্ধ বিবৃতি জাতীয় সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখায় দেশের ধর্মীয় নেতৃত্বের ভূমিকার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha